বৃত্ত - কলমে - কৃদন্তি ঘটক


 বৃত্ত 

                                        কৃদন্তি ঘটক

থার্টি ফাস্ট আসতে আর দেরি নেই। বড়দিন পেরিয়ে গেছে। গঙ্গামনি স্বামী দুলালকে অনেক আগেই বলে রেখেছিলো এবার পার্ক স্ট্রিট যাবেই। নতুন বছরকে স্বাগত জানাতে সবাই নাকি পার্ক স্ট্রিট যায়। গঙ্গামনি সব জানে। দুলাল ভাবতেও পারে নি এই বুড়ো বয়সে গঙ্গামনির এমন ভীমরতি ধরতে পারে। দুলাল দোনোমনো করেও রাজি হয়েছে। তবে ঠিক হয়েছে ছেলে দেবু আর বৌমা আতর সঙ্গে যাবে। গঙ্গামনির কোনো আপত্তি নেই। 

শীতের দিন। দিন আসতে না আসতেই শেষ। রোদের তাপ ও বড় কম। এরমধ্যেই কাজ সেরে ফেলতে হয়। গঙ্গামনি লোহার ট্রাংক খুলে সবচাইতে ভালো শাড়ি বের করে গরম খাইয়ে রেখেছে। ভাঁজে ভাঁজে গুমো গন্ধটা গেলে বাঁচে গঙ্গা। শাড়ির পরতে পরতে সোনালী ঝলমলে সুতোর কাজ। থার্টি ফাস্ট নাইটের জন্য উপযুক্ত। সারা পৃথিবী আলোর ঝালর সাজিয়ে নতুন বছরকে বরণ করে নেবে। এইদিনে কি যেমন তেমন শাড়ি পরলে মানায়? 

দুলালের কোমরের ব্যথা , পায়ের ব্যথা চাগাড় দিয়ে উঠছে মাঝেমাঝেই। বয়সের থাবা শরীরের সর্বত্র। গঙ্গামনি এই কথাই বারবার বলছে। বয়স বাড়ছে , শরীর অচল হয়ে পড়ছে। প্রত্যেক বছর হ্যাপি নিউ ইয়ার আসছে আর চলে যাচ্ছে। তারা কোনোদিন পার্ক স্ট্রিট যায় নি। সবাই যায়। পাড়ার প্রত্যেকটা মানুষের মুখে এক গল্প। গঙ্গামনিরও ইচ্ছে হয়। কি হয় সেখানে একবার দেখার ইচ্ছে। যতই লোকের বাড়ি কাজ করুক মানুষের মন সবার এক। ইচ্ছেগুলোর মধ্যে কোনো ফারাক নেই। 

দেবু আর আতর উড়ছে। এতো বছরে পার্কস্ট্রিট যাওয়ার কথা বাপ মা ভাবতে পারে দেবু কল্পনাও করে নি। তবে দেবু একটা সময় পার্কস্ট্রিট এলাকায় অনেক ঘুরে বেড়িয়েছে। ওর কাছে নতুন কিছু নয়। তবে এবছর আলাদা ব্যাপার। আতর এসেছে ওর জীবনে। বাপ, মায়ের সামনে উচ্চারণ করতে পারে নি যে রাত বিরেতে বৌ নিয়ে ঘুরতে যাবে। তাছাড়া যা দিনকাল। আতর আবার যথেষ্ট সুন্দরী। একা নিয়ে যাওয়ার সাহস দেবুর নেই। যাক বাপ মা নিজেই উদ্যোগ নিয়ে ফেলেছে যখন তখন তো কিছুই বলার নেই। আতর তো উৎসাহে টগবগ করছে। দেবু বলেই রেখেছে যে শাড়ি পড়তে হবে না। সালোয়ার কামিজ পরলেই হবে। আতর সবচাইতে ভালো সালোয়ার গুছিয়ে রেখেছে। 

গঙ্গামনি সকাল হলেই বেরিয়ে যায়। ইলোরা কমপ্লেক্সে পাঁচটা ঘরে তার কাজ। কমপ্লেক্সের বেশিরভাগ ঘরেই স্বামী , স্ত্রী আর ছোট্ট বাচ্চা নিয়ে সংসার। কাজ বলতে তেমন চাপ কিছু নেই। শুধু সকাল সকাল আসতে হয় এই যা। পাঁচটা ঘরেই স্বামী স্ত্রী চাকরি করে।রাজপুর অব্দি হেঁটেই আসে গঙ্গা । তাই বেরোতে হয় সকাল বেলাতেই। ঘরের মালিক মালকিন তো ফেরে রাতে। তখন কে কাজ করতে আসবে? গঙ্গার স্বভাব ভীষন ভালো, আর কাজকর্ম ও খুব পরিচ্ছন্ন। 

কলিং বেল বাজতেই তাপ্তি লক খুলে গঙ্গাকে ঢুকতে দেয়। কুষাণ উঠে পড়েছে। ওয়াশরুম থেকে বেরোলেই চা চাই তার। গঙ্গার ততক্ষনে গ্যাসে চায়ের জল চাপানো হয়ে গেছে। তাপ্তি ফোনটা নিয়ে বাইরের এক চিলতে বারান্দায় বসে। গঙ্গার চা আসতে আসতে কুষাণ বারান্দায় ফেসবুক স্ক্রল করছে। চায়ের কাপ রেখে গঙ্গা দুজনকেই জানিয়ে যায় এবার থার্টি ফাস্টে কাজে আসবে না। তাপ্তি আর কুষাণ মুখ চাওয়া চাওয়ি করার মধ্যেই গঙ্গা কিচেনে। 

তাপ্তির মুখে আষাঢ়ে মেঘ। নতুন বছর আসছে। থার্টি ফার্স্টটা স্পেশ্যাল দিন। সারাদিনের কাজ সেরে পার্কস্ট্রিট যাওয়া হয়ে উঠবে কি? অফিস থার্টি ফার্স্ট বোঝে না। কাপ রাখার অছিলায় কিচেনে ঢুঁ দেয় তাপ্তি। গঙ্গার হাত চলছে। 

"-গঙ্গা দি থার্টি ফার্স্ট আসবে না কেনো? কোনো সমস্যা "? 
"_ আরে নাগো দিদি। থার্টি ফাস্ট পাক স্টিট যাবো গো; ওই যে নিউ ইয়ার হয় ওখানে , তাই দেখতে"! অজস্র বলিরেখায় মোড়া মুখ ঝলমলে। 

"- ও তাই বলো"; তাপ্তি অবাক নাকি খুশি বোঝা যায় না। আমরাও যাবো তবে একটু রাত্তির হবে। যেয়ো। খুব ভালো"। 

হাসিমুখে তাপ্তিকে বারান্দায় ফিরে আসতে দেখে কুষাণ অবাক। গঙ্গাদির বাড়িতে নিশ্চয় কিছু হয়েছে। তাপ্তি নিজেই মুখ খোলে। 

"- গঙ্গাদিরা সবাই পার্কস্ট্রিট যাবে তাই আসতে পারবে না"। 
"- ও, কুষাণ নিস্পৃহ। আমি সামলে নেবো। চিন্তা করো না। আমরাও যাচ্ছি "। 

অফিসের তাড়ায় আর কথা গড়ায় না। কুষাণ তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যায়। তাপ্তির একটু পরে বেরোলেও চলে। 

অফিসের কাজে আজ তাপ্তির মন কিছুতেই বসছে না। মাথায় একটা ঘুণপোকা কুরে কুরে খাচ্ছে। নিউ ইয়ার ইভ, পার্কস্ট্রিট একটা ঐতিহ্য। সারারাত ধরে জিঙ্গল বেল আর পপ সুরে মাতোয়ারা উৎসবের রাত। কোথাও যেন খচখচ করছে মন। সত্যি যতো দিন যাচ্ছে উৎসব সার্বজনীন হয়ে উঠছে। প্রাচীন ঐতিহ্যের খোলস যেনো খসে খসে পড়ছে। অথচ তাপ্তিদের পরিবার অনেক পুরোনো পরিবার। একটু হলেও উন্নাসিক। 

কুষাণ এর মধ্যে কোনো হেলদোল দেখতে পেলো না তাপ্তি। গঙ্গাদির পার্কস্ট্রিট যাওয়াটা কুষাণের মনে কোনো রেখাপাত করে নি তাহলে? তাপ্তি কুষাণের মনের গোপন কুঠুরিতে উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করে। নাহ্ তল পাওয়া এতটাই সহজ নয়। 


সন্ধ্যে থেকেই রাস্তায় মানুষের ঢল। কুষাণদের বেরোতে বেরোতে একটু দেরিই হয়ে গেলো। তাপ্তি আজ জোরদার মেকআপে সেজেছে। সাদা স্লিভলেস টপ , জিন্স আর হালকা মেকআপ। কানে মুক্তোর দুল। গায়ে সাদার উপর সোনালী মিনাকারি স্টোল। মোহময়ী লাগছে তাপ্তিকে। কুষানের চোখ জনারণ্যে আতিপাতি করে খুঁজছে একটা পরিবারকে। 

আলোক সজ্জায় সেজে পার্কস্ট্রিট। রঙের রোশনাই। হাজার হাজার লোক হেঁটে চলেছে সোজা। সেলফি উঠছে মুহুর্মুহু। ফ্ল্যাশ লাইটের আলো ঝলসে উঠছে বারবার। কুষাণ তাপ্তির হাত ধরে হেঁটে চলেছে । অগুনতি মানুষের কণ্ঠে সুর। তালে তালে কেউ বা নেচে চলেছে। জনসমুদ্র, ঢেউ যেনো মানুষের পা। মানুষ নতুন বছরকে বরণ করে নেবে এতো স্বাভাবিক। ভারতবর্ষের পুরোনো ঐতিহ্যে অবশ্য ইংলিশ নতুন বছরের কোনো স্থান ছিল না। ঔপনিবেশিকতাকে এখনো বহন করে চলেছে আদতে পার্কস্ট্রিট। শিকড় উপড়ানো এতটাই সহজ নয়। তাপ্তি জানে। 

গঙ্গামনি স্বামী দুলাল , ছেলে দেবু আর আতরকে নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাপি নিউ ইয়ার তারা কোনোদিন দেখে নি। সেখানে যে কি হয় , কোন পুজো হয় আজ অব্দি জানতে পারে নি। অথচ সবাই নাকি প্রত্যেক বছর পাকস্টিট যায়। একটু হাঁটতেই এইট্টি এ পেয়ে গেলো ওরা। পার্কস্ট্রিট যখন নামলো তখন সন্ধ্যা ছাপিয়ে গেছে। লোকে লোকে গমগম করছে। গঙ্গামনি শক্ত করে দুলালের হাত ধরে রাখে। দেবুকে চিৎকার করে বলে আতরকে সাবধানে হাত ধরে নিয়ে আসতে। দলে দলে লোক এগিয়ে চলেছে। দুদিকে রঙিন আলোর ঝালর। মাথার উপর আলোর পশমিনা শাল যেনো শামিয়ানা টানিয়ে রেখেছে। মাঝেমাঝে সান্তা, বেল, এক্সমাস ট্রি আরো হরেক রকমের আলোর কোলাজ ফুটে উঠছে। জ্বলছে ,নিভছে, যেনো এক মায়ানগরী। একটানা ওয়েস্টার্ন সং সঙ্গে বাজনা, তালে তালে পা চলছে , সঙ্গে দুলছে কোমর তরুণ তরুণীর। হাতে হাতে ফোন , ফ্ল্যাশ লাইটের আলোর ঝলক। গঙ্গা তার পরিবার ও এই স্রোতের সঙ্গী। নীল সাদা কাপড়ে মোড়া বাঁশের মাচার উপর পুলিশ লক্ষ্য রাখছে সবদিক। জনস্রোতের মধ্যেও অসামাজিক কাজ চালিয়ে যায় অপরাধী। সরকারকে সতর্ক থাকতেই হয়। 

মোকেম্বো থেকে বেরোতে বেরোতে প্রায় রাত এগারোটা। একটু বেশীই খাওয়া হয়ে গেছে তাপ্তির। কুষানের মেজাজ ফুরফুরে। জমিয়ে পার্টি হলো যাহোক। হতে পারে পার্টিতে মাত্র দুজনই তারা। তবু একটা আলাদা আমেজ তো আনেই। পথ চলতি জনজোয়ারে পা মেলায় ওরাও। হাঁটতে হাঁটতে এগিয়ে চলে। ফ্লুরিজ ছাড়িয়ে একটু এগিয়ে যেতেই একটা ওয়াচ টাওয়ার। ঝামেলা লেগেছে নিশ্চয়। তাপ্তি লক্ষ্য করে ওখানে কিছু মানুষ জটলা পাকিয়েছে। চোর ছ্যাচড়া হবে হয়তো। পুলিশের কাছে ধরা পড়েছে। 

কি হয়েছে, কি হলো এই ভাবতে ভাবতে তাপ্তি একটু মুখ বাড়ায়। ওমা!! গঙ্গাদি হাপুস নয়নে কাদঁছে। পাশে দুলালদা আর একটা মিষ্টি মেয়ে। তার মুখ ও কাঁদো কাঁদো। তাপ্তি কুষাণকে টেনে সাইডে দাঁড় করিয়ে ইশারায় দেখায়। ভিড় ঠেলে কুষাণ এগিয়ে যায়। সঙ্গে তাপ্তিও। পুলিশকে বলে কয়ে ওদেরকে ভিড় থেকে টেনে বার করতে হাঁটতে থাকে। হাঁটার ফাঁকেই জেনে নেয় দেবু হারিয়ে গেছে। তাই গোটা পরিবার কাঁদতে বসেছে। মাইকের আওয়াজে কথা বোঝার উপায় নেই। তবু তার মধ্যেই সবটা বুঝে নিতে হয়। 

আরো অনেকটা হাঁটতে হয় ওদের। মাইকের শব্দ কমার কোনো লক্ষণ নেই। তারমধ্যে তাপ্তি জেনে নিয়েছে সবটা। আতর দেবুকে ফোন করে। এই সহজ সমাধান ওদের মাথায় এতক্ষণ আসে নি। আসলে আচমকা বিপদ মানুষকে হতচকিত করে দেয়। কুষাণ আতরের কাছ থেকে ফোন নিয়ে লোকেশন বলে দেয়। দেবু অনেক এগিয়ে গেছে ভিড়ের চাপে। ফিরতে যে সময় লাগবে বলাই বাহুল্য। 

রাস্তায় ঝাল মুড়িওয়ালার কাছ থেকে ঠোঙায় ভরে মুড়ি নিয়ে গঙ্গা , দুলাল, আতর মুড়ি মুখে তুলতে থাকে মুঠো ভরে। পাশে একটা মোমোর দোকান দেখিয়ে আতর মোমো খেতে চাইলে গঙ্গা ওরা এগিয়ে যায় ওদিকে। কুষানের কপালে ভাঁজ। ওলা, উবার নেই। এরা যে ফিরবে কি করে ? বাসে করে যেতে গেলে তো ভোর হয়ে যাবে। তাপ্তি ওদের সঙ্গেই আছে। অনেক কষ্টে একটা ট্যাক্সির ব্যবস্থা করে কুষাণ। ততক্ষনে দেবু চলে আসবে আশা করা যায়। 

ভিড়ের ঢেউ অনেক এগিয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার মুহুর্মুহু আছড়ে পড়ে পার্কস্ট্রিটে। আলোর ফুলকি আকাশ থেকে ঝরে পড়তে থাকে। মানুষের উন্মাদনা ততই তুঙ্গে। শব্দ আর আলোর যুগলবন্দী গোটা চত্বরে। গঙ্গা হাঁ করে এদিক ওদিক দেখতে থাকে। আতর ততক্ষনে মুখে পুরছে মোমো একটা একটা করে। দুলালের মুখ শুকিয়ে আমসি। দেবুর চিন্তায় হয়তো অথবা বাড়ি ফেরার চিন্তা কে জানে। 

জগঝম্প শব্দ আর তালে তালে মানুষের উন্মাদনার মধ্যেই দেবু এসে পৌঁছয়। আতরের মুখে হাজার ওয়াটের হাসি। গঙ্গা আর দুলাল নিশ্চিন্ত। তাপ্তির একটা গোপন দীর্ঘশ্বাস বেরিয়ে আসে স্বস্তির। চেনা মানুষকে বিপদে ছেড়ে দেওয়ার মতো স্মার্ট তাপ্তি বা কুষাণ এখনো হয়ে ওঠে নি। 

হাজার টাকা গঙ্গার হাতে দিয়ে ওদেরকে ট্যাক্সিতে উঠিয়ে দেয়। দুলালের না না আর গঙ্গার কুঁকড়ে যাওয়া মুখ অগ্রাহ্য করে ওরা। "পরে আস্তে আস্তে ফেরত দিও " আপাত সান্তনা বাক্যের প্রয়োজন ছিল তাপ্তি আর কুষাণ জানে। ভাত ছড়ালে কাকের অভাব হয়না এটা ওরাও জানে কিন্তু গঙ্গাদি বড় ভরসার। ভাত ছড়িয়ে ভরসা কেনা যায় না। 

আলোর সমুদ্র পেরিয়ে ট্যাক্সি অন্ধকারের বুক চিরে এগিয়ে যায় রাস্তা ধরে। তাপ্তি আর কুষাণ আবার হাত ধরাধরি করে এগোয় পিছনের দিকে। আলোর সমুদ্র ঢেউ তুলে আছড়ে পড়ছে বারবার। জিঙ্গেল বেল সুরের মূর্ছনায় পার্ক স্ট্রিট থরথর করে কেঁপে উঠছে। আলোর জামা পরা সান্তার উপহারের ঝুলি থেকে বিন্দু বিন্দু রং ঝরে পড়ছে। গোটা ক্যানভাসে রংগুলো বৃত্তের পর বৃত্ত এঁকে চলেছে আবার বৃত্ত ছোট হতে হতে ফিরে আসছে বিন্দুতে। 

বাইকটা রাখা আছে একটু আগেই। ফিরতে ফিরতে হয়তো অনেকটা রাতই হবে। তাপ্তি কুষানের গা ঘেঁষে হাঁটতে থাকে। গঙ্গার বৃত্তটা নিউ ইয়ারকে হ্যাপি করে তুলেছে নিঃসন্দেহে। 

তাপ্তি মনে মনে ভাবে বৃত্তটাকে একটু বাড়াতে হবে। আজকেই কুষানের সঙ্গে কথা বলবে ও। জীবনে হ্যাপি থাকার ফর্মুলাই হয়তো নিজের একটা বৃত্ত থাকা। খুব ছোট নয় বা খুব বড় ও নয়। 
মনে মনে গঙ্গাকে বলে " হ্যাপি নিউ ইয়ার গঙ্গাদি"। 

এই প্রথম তাপ্তি বুকের ভেতরে চিনার গাছের পাতা নড়ার শিরশিরে অনুভূতিটা টের পাচ্ছে। 

                                    ------  সমাপ্ত ------

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী