আনন্দের মধ্যেই সাধনার আলো
কলমে – পারমিতা রায়
গতকালের যে বিষয়ে আলোচনা ছিল, সেই উপলব্ধির থেকেই মহারাজের একটি ভাবনাকে কেন্দ্র করে আজকের এই নিবেদন।
গৌতমানন্দ মহারাজের রসবোধ ছিল অত্যন্ত স্বাভাবিক, সহজ এবং আন্তরিক।
তাঁর সম্পর্কে একটি মধুর ঘটনা প্রচলিত আছে। একদিন আশ্রমে এক তরুণ ব্রহ্মচারী খুব গম্ভীর মুখে নানা কাজ করছিল। মহারাজ তাকে দেখে হাসিমুখে বললেন,
“কী ব্যাপার? এত গম্ভীর কেন? ঠাকুরের আশ্রমে এসেছ, না আদালতে চাকরি করতে?”
কথাটি শুনে উপস্থিত সকলেই হেসে উঠলেন। ব্রহ্মচারীও লজ্জা পেয়ে হেসে ফেলল। তারপর মহারাজ স্নেহভরে বললেন,
“মুখে হাসি রাখো। হাসিমুখে করা সেবাই ঠাকুরের কাছে বেশি সুন্দর লাগে। গম্ভীর হও, কিন্তু ভারী মুখ করে নয়।”
এই ছোট্ট কথার মধ্যেই তিনি যেন গভীর এক শিক্ষা দিয়ে গিয়েছেন—আধ্যাত্মিক জীবন মানেই বিষণ্ণতা নয়; আন্তরিকতা, আনন্দ এবং স্নেহের সঙ্গে ঈশ্বরসেবা করাই প্রকৃত সাধনা।
মহারাজের এই রসবোধ জীবনের চলার পথে সত্যিই অন্ধকারের মধ্যে আলোর এক ঝলক দেখায়। এই অভিজ্ঞতা জীবনে বহুবার হয়েছে। অনেক সময় মানুষ আনন্দ, আন্তরিকতা ও স্নেহের পরশ ভুলে নিজের মনকে বিষণ্ণতায় ভরিয়ে তোলে। মনকে অকারণে গম্ভীর করে রাখে। সেই ভারী মন নিয়েই সে নিজেও অশান্তি ভোগ করে, আবার অজান্তেই সেই অশান্তির ভার সমাজকেও উপহার দিয়ে ফেলে।
আমরা আনন্দ অনুষ্ঠানে যাই, গান শুনতে যাই, নাটক দেখতে যাই, কোনো পার্টিতে যাই, পাঠচক্রে যাই, মন্দিরে যাই।
কেন যাই? জীবনের লক্ষ্য কী? উদ্দেশ্যই বা কী?
এতসব আয়োজনের পেছনে কেউ না কেউ তো পরিশ্রম করছে, খাটছে, চেষ্টা করছে।
কেন?
আনন্দ দেওয়ার জন্য।
কেউ দেওয়ার জন্য করছে, আবার কেউ সেই আনন্দ গ্রহণ করার জন্য সেখানে উপস্থিত হয়।
মাদ্রাজ কালী বাড়িতে পাঠচক্র বা অনুষ্ঠানে উপস্থিত হলে মন ভরে যায়। মাতাজিদের অপূর্ব কথা, মা সারদার উদ্দেশ্যে নিবেদিত সুন্দর গান—সব মিলিয়ে এক অনন্য অনুভূতির সৃষ্টি হয়।
মাদ্রাজ কালী বাড়ির কথা শুনলেই মনটা যেন শান্ত হয়ে যায়। 🙏🌺
পাঠচক্র আর অনুষ্ঠান—ওখানকার পরিবেশটাই অন্যরকম। মাতাজিদের অপূর্ব কথা শুনলে মনে হয় যেন মা নিজেই বসে বসে সব বুঝিয়ে দিচ্ছেন। আর মা সারদার উদ্দেশ্যে সেই সুন্দর গানগুলো... সত্যিই মন ভরে যায়, চোখে জল চলে আসে। সেখানে গেলে সময় যে কখন কেটে যায়, তা বোঝাই যায় না। ঠাকুর–মা–স্বামীজির ভাব একদম প্রাণে লেগে থাকে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন