আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-গুরুত্ব ও প্রাসঙ্গিকতা


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-গুরুত্ব ও প্রাসঙ্গিকতা
 
লেখক-অভিজিৎ দত্ত (জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১শে ফেব্রুয়ারি) হল বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপি পালন করা হয়।বাংলাদেশে এই দিনটি শহীদ দিবস হিসাবে পরিচিত। যেহেতু এই দিনেই মাতৃভাষার হয়ে লড়াই করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাণ দিয়েছিলেন। শুধু মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলেন (১৯৫২ খ্রিষ্টাব্দের ২১শে ফেব্রুয়ারি)১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের (অধুনা বাংলাদেশ) স্বাধীনতার মধ্য দিয়েই তার সমাপ্তি ঘটে।যে ছাত্ররা মাতৃভাষার মর্যাদার জন্য লড়াই করেছিলেন তাদের মধ্যেই উল্লেখযোগ্য হলেন আবদুস সালাম,আব্দুল জব্বার, আব্দুল বরকত, রফিক সহ আরো অনেকে।স্বাধীন বাংলাদেশ সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়।কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাস রত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসাবে ২১শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন তৎকালীন জাতিসংঘের মহাসচিব কোফি আন্নানের কাছে।তিনি পরামর্শ দিয়েছিলেন কয়েকটি রাষ্ট্রকে এ ব্যাপারে প্রস্তাব আনতে।সেইমত কানাডা,ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা এই প্রস্তাব আনা হয়।১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করা হয়। ১৮৮টি দেশ এই প্রস্তাবে সমর্থন জানালে ২১শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। ২০০০সালের ২১শে ফেব্রুয়ারি থেকে এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবেই সর্বত্র পালন করা শুরু হয়।আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি?আজ রাষ্ট্রসংঘে বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষার মর্যাদা পেয়েছে বাঙলা ভাষা।বাঙলা ভাষায় সাহিত্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আরও কত লেখক বাঙলা ভাষায় সাহিত্য রচনা করে খ্যাতি লাভ করেছেন বলে শেষ করা যাবে না। অথচ আজ আমরা বাঙলা ভাষাকে ভুলতে বসেছি।বাঙলা মাধ্যম স্কুলগুলো বন্ধ হচ্ছে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর বাড়-বাড়ন্ত লক্ষনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।বাঙালি সংস্কৃতি আজ বিপন্ন। অনেক লড়াই করে বাঙলা ভাষা ভারতবর্ষে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে অনেক বছর পরে।গোটা বিশ্বে বাঙলা ভাষাভাষীর সংখ্যা কম নয়। দরকার বাঙলা ভাষার সংরক্ষণ ও প্রসারে বাঙালিদের ঐকবদ্ধ হওয়া।বাঙলা ভাষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া।তবেই ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন সার্থক হবে।কবির কথায় বলি, 'মোদের গরব, মোদের আশা /আ মরি বাঙলাভাষা'।

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী