পানার আড়ালে
কলমে- অরিন্দম ভট্টাচার্য্য ©
গ্রামের আঁকাবাঁকা লাল কাঁকুড়ে রাস্তা ধরে অমিয় চলেছে একা একা আপন মনে। বয়স হয়েছে তার। চোখে এখন আর ভালো দেখতে পায় না। কিন্তু মনের চোখ তো খোলা। সেই চোখের সামনেই কখনো ভেসে উঠছে ছেলেবেলার হারিয়ে যাওয়া সেই মিষ্টি দিনগুলোর ছবি, তো কখনো ভেসে উঠছে জীবনের চড়াই উৎরাই মুহূর্তগুলোর বিভিন্ন ছবি। অন্তরে কেমন একটা অম্লমধুর অনুভূতি। জীবনের শেষ প্রান্তে পৌঁছে হয়তো এমনটাই হয়। নিজেই নিজের কাছে প্রশ্ন রাখে -- দিনতো শেষ হয়ে এলো, কি করলাম এতোগুলো বছর? আর কিই বা করা উচিৎ ছিল? সত্যিই কি সব শেষ? কিছুই কি আর বেঁচে নেই? ধোঁয়াশা চারিদিকে। চোখের পুরানো চশমার কাঁচগুলোর মতোই কেমন যেন ঘোলাটে লাগছে সব। উত্তর মেলা খুব কঠিন।
রাস্তার পাশেই একটা বড় পুকুর। যার সম্পূর্ণটাই সবুজ বড় বড় কচুরিপানায় ভর্তি। মনে হচ্ছে পুকুরটা ব্যবহার হয়নি বহুকাল। মজে গেছে হয়তো। উৎসুক মন অমিয়কে টেনে নিয়ে যায় পুকুর ঘাটে। ছোটোবেলায় সাঁতার কেটে পুকুরটার এপার ওপার করছে সে কত কত দিন....
হাতের লাঠিটা দিয়ে পানায় টান দেয় অমিয়।
-- কি আশ্চর্য! পানার আড়ালে টলটল করছে একেবারে স্বচ্ছ জল। ঠিক যেমনটা ছিল সেই ছোটোবেলায়.......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন